গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৫৪০ জনে পৌঁছেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় এ পর্যন্ত অন্তত এক লাখ ৭৫ হাজার ৬৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে অন্তত ১০ জনের মরদেহ আনা হয়েছে এবং ৬২ জন আহত চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া গত বছরের ১১ অক্টোবর ঘোষিত কথিত ‘যুদ্ধবিরতি’র পর থেকেও ইসরায়েলি হামলায় এক হাজার ৫৪৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন পাঁচ হাজার ৫৫৯ জন।
এদিকে গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। প্যালেস্টানিয়ান প্রিজনারস সোসাইটি জানিয়েছে, শুক্রবার থেকে পশ্চিম তীরজুড়ে অন্তত ৭০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী, যাদের বড় অংশই প্রাক্তন বন্দি।
সংস্থাটির তথ্যমতে, হেব্রনে শত শত বাড়িতে রেইড চালিয়ে বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে এবং বেশ কিছু বাড়ি সামরিক জিজ্ঞাসাবাদ কেন্দ্রে পরিণত করা হয়েছে। এ ছাড়া রামাল্লা, জেনিন, নাবলুস, বেথলেহেম ও জেরুজালেমে অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ও ছেড়ে দেওয়া ফিলিস্তিনিদের ওপর শারীরিক নির্যাতন, চোখ বেঁধে রাখা এবং হুমকির অভিযোগ উঠেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পশ্চিম তীর থেকেই ২৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
