নরসিংদীর পলাশে পৃথক ঘটনায় শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও এবং ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া-কান্দাপাড়া ও কামতাল গ্রামে এসব ঘটনা ঘটে।
আহতরা হলেন— মো. সাইফুল্লাহ (৪০), হেলেনা বেগম (৪৫), হাফিজা বেগম (৬০), খালেক মিয়া (৪০), মো. আল আমিন (৪০), তাসলিমা বেগম (৪৮), আনোয়ারা বেগম (৪৫), শাহিদা বেগম (৪৩), আবদুস সাত্তার (৬৫) ও সালেহা বেগম (৪৫)। তাঁরা ঘোড়াশাল পৌর এলাকা ও ডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। তারা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যক্তিরা জানান, ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত আটিয়াগাঁও, খিলপাড়া ও কামতাল এলাকায় কয়েকটি শিয়াল একের পর এক মানুষকে কামড়াতে থাকে। তবে মোট কয়টি শিয়াল, তা কেউ জানাতে পারেননি। ভোরে কেউ নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন, আবার সকালে কেউ বাড়ির আঙিনায় বা আশপাশে কাজ করছিলেন। ওই সময় শিয়াল কামড় দেয়।
আহত মো. আল আমিন বলেন, ফজরের নামাজ পড়তে মসজিদে উদ্দেশ্যে বের হলে পথে হঠাৎ একটি শিয়াল পায়ে কামড় দেয়। আশপাশের লোকজন ছুটে এলে শিয়ালটি দৌড়ে পালিয়ে যায়। পরে নরসিংদী সদর হাসপাতালে গিয়ে ডাক্তার দেখিয়েছি, টিকা নিয়েছি। এলাকায় শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আটিয়াগাঁওয়ের বাসিন্দা এইচ এম কাউসার হোসেন বলেন, দুপুরে আটিয়াগাঁও গ্রামের খালেক মিয়া ও আরও দুই নারীকে একটি শিয়াল কামড় দেয়। স্থানীয় লোকজন শিয়ালটিকে ধাওয়া করে গ্রামের একটি বাড়ির পাশের গর্তে ফেলে হত্যা করেন।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপাশা মাসুক বলেন, শিয়ালের কামড়ে আহত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের র্যাবিস ভ্যাকসিন কেন্দ্র থেকে তাদের প্রত্যেককে টিকা দেওয়া হয়েছে। টিকা নিয়ে তারা বাড়ি ফিরেছেন।
আমিনুুর রহমান সাদী/এমএন
