জীবন সায়াহ্নে সন্তানের কাছ থেকে একটু নিরাপদ আশ্রয়, দুমুঠো খাবার আর সামান্য ভালোবাসা—এটুকুই তো একজন বৃদ্ধা মায়ের আকুতি। অথচ চাঁদপুরের শাহরাস্তিতে ৮৫ বছর বয়সী জয়নব ভানু নামে এক বৃদ্ধা মায়ের পাঁচ ছেলে থাকা সত্ত্বেও কারও ঘরে ঠাঁই মেলেনি। দীর্ঘ এক মাস হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে ছেলেদের বন্ধ দরজার সামনে ঘণ্টার পর ঘণ্টা কান্না করেও আশ্রয় পাননি তিনি। চরম হৃদয়বিদারক এই ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী জয়নব ভানু উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব কাদরা গ্রামের মৃত সৈয়দ আহমেদের স্ত্রী। স্বামীকে হারানোর পর পাঁচ ছেলেকে ঘিরেই বেঁচে থাকার একমাত্র অবলম্বন খুঁজেছিলেন তিনি। কিন্তু বার্ধক্যের শেষ সময়ে এসে সন্তানদের অমানবিক অবহেলার শিকার হয়ে এখন স্বামীর ভিটায় একটি ছোট্ট কুঁড়েঘর তৈরি করে দেওয়ার আকুতি জানাচ্ছেন এই প্রবীণ নারী।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দীর্ঘ এক মাস কুমিল্লায় চিকিৎসা শেষে বাড়ি ফিরে জয়নব ভানু ছেলেদের ঘরের দরজায় একে একে কড়া নাড়েন। কিন্তু কোনো ছেলে বা তাঁদের পরিবারের কেউ দরজা খোলেননি। দীর্ঘক্ষণ ঘরের সামনে অসহায় অবস্থায় বসে কাঁদতে দেখে স্থানীয় কয়েকজন তরুণ এগিয়ে এসে তার খোঁজখবর নেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়ে নিজের আকুতির কথা ব্যক্ত করেন।
এ বিষয়ে মেজো ছেলে আবুল কাশেমের দাবি, মা দীর্ঘ এক বছর ধরে কোথায় ছিলেন তা তিনি জানতেন না, তবে তিনি ডেকেছেন। বড় ছেলে শাহজাহান ও সেজো ছেলে আনোয়ার হোসেনের স্ত্রীদের দাবি, শাশুড়ি কখন এসেছিলেন বা কী হয়েছে তা তারা টের পাননি।
মায়ের এমন দুর্দশার খবর পেয়ে ছুটে আসেন মেয়ে ঝর্ণা বেগম। তিনি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, গত ২০ বছর ধরে আমার ভাইয়েরা মায়ের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করছে। শত চেষ্টা করেও মাকে তাদের ঘরে রাখতে পারিনি। পরে ছেলেদের ঘরে ঠাঁই না পেয়ে মেয়ে ঝর্ণা বেগমই বৃদ্ধা মাকে উদ্ধার করে নিজ আশ্রয়ে নিয়ে যান।
ঘটনাটি শুনে চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম বেলাল দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি অত্যন্ত অমানবিক। সামাজিকভাবে বৈঠক ডেকে ছেলেদের জবাবদিহির আওতায় আনা উচিত।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবর রহমান জানান, খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। বৃদ্ধার পাঁচ ছেলেই প্রবাসে থাকেন। তবে মা প্রতি কারও অবহেলা বা অমানবিক আচরণ রয়েছে কি না তা খতিয়ে দেখতে বিস্তারিত জানার জন্য জয়নব ভানুকে থানায় ডাকা হয়েছে। তার বক্তব্য ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
