তথ্য কমিশনের নতুন ‘প্রধান তথ্য কমিশনার’ হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান।
শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান-কে তথ্য কমিশনের ‘প্রধান তথ্য কমিশনার’ হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
এতে আরও বলা হয়, প্রধান তথ্য কমিশনারের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার কর্তৃক নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিয়োগের খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই বিশিষ্ট গবেষক ও শিক্ষকের নতুন দায়িত্ব প্রাপ্তিতে শুভকামনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যাপনার পাশাপাশি পরিবেশ নীতি, শাসন ও যোগাযোগ সংক্রান্ত নানা আন্তর্জাতিক ও জাতীয় গবেষণা কাজের সাথে যুক্ত রয়েছেন।
