যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে ষষ্ঠ দিনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সপ্তম দিনে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আরাগচি জানান, সেপ্টেম্বরে ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের পাঠানো মন্তব্য এখনো পর্যালোচনা করছে তেহরান। তবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের নির্ধারিত শর্তগুলো এখনো বহাল রয়েছে।
ইরানের প্রস্তাব অনুযায়ী, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া হলে পুনরায় আলোচনা শুরু এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
আরাগচি বলেন, ‘তারা আমাদের শর্তগুলো মেনে নিলে ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সপ্তম দিনে আলোচনা শুরু হবে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তাদের শর্তগুলো ন্যায্য। হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্র আগ্রহী হলে কয়েক দিনের মধ্যেই এসব শর্ত পূরণ করতে পারবে।
এদিকে ইরানের বিরুদ্ধে আরও কোনো ভুল হিসাব না করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে পরবর্তী কোনো ভুল পদক্ষেপ নেওয়া হলে আগের চেয়ে আরও কঠোর জবাব দেওয়া হবে।
আবদোল্লাহি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বহুবার ইরানের সংকল্প ও মনোবল পরীক্ষা করেছে। তবে সেটিকে ভুল প্রমাণিত হতে হয়েছে।
তিনি বলেন, ‘আগের প্রতিটি যুদ্ধে ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাত করা, ইরানকে খণ্ডবিখণ্ড করা ও ধ্বংস করার স্লোগান নিয়ে আপনারা যুদ্ধে নেমেছিলেন। অথচ আজ ধ্বংস ও উৎখাতের মুখে আপনারাই, আর শক্তিশালী ইরান এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’
ইরানের এই সামরিক কর্মকর্তা আরও বলেন, দেশটির বিরুদ্ধে পরবর্তী কোনো ভুল হিসাবের জবাব আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর হবে।
সূত্র : সিবিএস নিউজ
