যে বয়সে অনেকে চাকরির পেছনে ছোটে, সেই বয়সে নিজের হাতে একটা ব্র্যান্ড দাঁড় করিয়েছিলেন সুমন আহমেদ সামির। কঠোর পরিশ্রম ও সাধনায় দাঁড় করিয়েছিলেন পোশাক ব্র্যান্ড ‘বিট’। দেশের ফ্যাশন শিল্পে অনন্য স্টাইল ও পোশাকের ডিজাইনের জন্য তরুণদের কাছে পরিচিত ছিলেন সামির। কিন্তু বেপরোয়া কাভার্ড ভ্যানের চাপায় ৪০ বছর বয়সের আগেই চিরতরে চলে গেলেন এই তরুণ উদ্যোক্তা।
বুধবার (২১ অক্টোবর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুমন আহমেদ সামির (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিজ্ঞাপন
তিনি স্ত্রী মাসরুবা মেহজাবীন আশা ও এক বছরেরও কম বয়সী মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সুমন আহমেদ সিয়ামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

সুমন আহমেদ সামির বিট ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও সিইও। ঢাকার ব্যস্ততম নিউমার্কেটের নূরজাহান মার্কেট থেকে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ ঢাকা ও ঢাকার বাইরে পর্যন্ত নিজের ব্র্যান্ডের বিস্তৃতি ঘটিয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জের জালকুড়িতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বেপরোয়া কাভার্ড ভ্যান সামিরকে চাপা দিয়ে চলে যায়। এই ঘটনায় সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সামির রাস্তা প্রায় পার হয়ে গিয়েছিলেন। তিনি কাভার্ডভ্যানটিকে থামারও সংকেত দেন। কিন্তু গাড়িটি না থেমে তাকে পিষে মেরে চলে যায়।
ওই ঘটনার পর সুমন আহমেদ সামিরকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

বাদ জোহর জানাজা
সুমন আহমেদ সামিরের গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়।
বিজ্ঞাপন
বিটের ফেসবুক পেজে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার বাদ জোহর হরিরামপুরের লেছড়াগঞ্জ বাজারের লেছড়াগঞ্জ বাইতুল জামে মসজিদে সামিরের জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় এবং শেষ বিদায়ের নামাজে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তারা।
সামিরের মৃত্যুতে বিটের সব আউটলেট আজ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
সুমন আহমেদ সামির হরিরামপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুল থেকে ২০০৩ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাসের পর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস থেকে মার্কেটিংয়ে বিবিএ করেন।
এমএমএআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
