রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহিত করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মাঝেও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের মেজর শেখ মোহাম্মদ নাঈম। এ সময় লেফটেন্যান্ট শোয়াইব রহমান সাবিলও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য ও শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চা শিক্ষার্থীদের আদর্শ মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের উন্নয়ন, শিক্ষার প্রসার এবং সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে নানিয়ারচর জোন স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করে যাবে।
এ সময় তিনি শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং শিক্ষার মানোন্নয়নে তাঁদের অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষকেরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। তাঁদের নিরলস প্রচেষ্টায় শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা শিক্ষা উপকরণ গ্রহণ করে এ ধরনের উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নানিয়ারচর জোনের এ উদ্যোগ স্থানীয় জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই বাংলা/এমএস
