বরগুনার পাথরঘাটায় কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম আহসানকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সোলাইমান সাদিকের কয়েকজন সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে পাথরঘাটা উপজেলায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কেরাতপুর বাজারের প্রায় ১০০ গজ দূরে কিরণপুর সড়কে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
মো. শামীম আহসান বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি ও পাথরঘাটা উপজেলা জামায়াতের সাবেক আমির।
অভিযোগ অনুযায়ী, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তাঁর দুই হাত ও ডান পা ভেঙে গেছে বলে দাবি করা হয়েছে। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জামায়াত নেতৃবৃন্দের বিবৃতিতে আরও বলা হয়, এর আগেও গত ৩০ এপ্রিল একই স্থানে শামীম আহসানকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে। তবে আগের ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
নেতৃবৃন্দ বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দিনের বেলায় একজন শিক্ষক ও নাগরিকের ওপর এ ধরনের হামলার অভিযোগ উদ্বেগজনক।
তাঁরা আরও বলেন, হামলায় জড়িত ব্যক্তিরা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাঁদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং শামীম আহসানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
The post বরগুনায় জামায়াত নেতা শামীম আহসানের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ appeared first on ভোরের চেতনা.
