কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী দেবীর আরাধনায় মত্ত ভক্তরা। এদিন নিজের হাতে ভোগ রেঁধে দেবীকে নিবেদন করবেন অভিনেত্রী অহনা দত্ত। সকাল থেকেই তাই ভীষণ ব্যস্ত তিনি। আজকাল ডট ইন-কে অহনা জানান, সকাল থেকেই তাঁর অর্ডার আসছে। এর মধ্যেই চলছে পুজোর গোছগাছ।
অহনার কথায়, "সেই ভোরবেলা থেকে অর্ডার আসছে। এখনও রান্নাঘরে যাওয়ার সময় পাইনি। আমাদের বাড়িতে সবসময় যে দিদি থাকেন তিনি লাবড়াটা করে দিয়েছেন। আমি এবার গিয়ে খিচুড়ি আর আলুরদম করব। বাড়ির সব মেয়েরা মিলেই হাতে হাতে কাজ করছি। কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই চলে আসবেন তাই টেনশনে আছি।"
অভিনেত্রী আরও বলেন, "গতকাল গিয়ে সব বাজার করে এনেছি। লক্ষ্মীপুজোর জন্য ব্যস্ত থাকতে নিজেরই খুব ভাললাগে। মীরাকেও ছোট থেকেই অভ্যাস করাচ্ছি। ওর দু-তিনমাস বয়স থেকেই পুজোয় বসে আমাদের সঙ্গে। বাঙালি বাড়ির মেয়ে তো, পুজোর আচারে থাকতেই হবে, এটাই তো আমাদের নিয়ম।"
দেবীকে মা না মেয়ের রূপে পুজো করেন অহনা? জবাবে তিনি বলেন, "মা বা মেয়ের রূপে বিচার করাটা খুব কঠিন আমার কাছে। শুধু চাই যে রূপেই হোক সারাজীবন যেন আমার কাছে থাকেন।"
https://www.youtube.com/watch?v=ixVZIaFsQVc&t=2s
নিজের হাতেই ভোগ রান্না থেকে শুরু করে পুজোর আয়োজনে বেশ ব্যস্ত অহনা। শ্বশুরবাড়ির পরিবারের সবাইকে নিয়ে পুজোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। মেয়ে মীরাকেও 'লক্ষ্মী মেয়ে'র রূপেই সাজাবেন বলে ঠিক করেছেন অভিনেত্রী।
