বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট এবং গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মার্কেট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এর আগে গত ৭ অক্টোবর একই এলাকায় অবৈধ স্থাপনা অপসারণে অভিযান চালিয়েছিল উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। এ সময় চন্দনাইশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা-পুলিশের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশের ফুটপাত দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। পাশাপাশি সড়কে যানজট সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান পরিচালিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, “সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্দেশনা অনুযায়ী মহাসড়ক দখলমুক্ত করতে দ্বিতীয়বারের মতো এ অভিযান পরিচালনা করা হয়েছে। কতিপয় অসাধু ব্যবসায়ী মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিলেন। অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সংশ্লিষ্টদের মতে, মহাসড়কের ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত রাখা হলে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার পাশাপাশি যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে। এ কারণে জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয়রা।
The post এমপি জসীম উদ্দীনের নির্দেশে চন্দনাইশে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ appeared first on ভোরের চেতনা.
