জুলাই আন্দোলনের সময় আ. জব্বারকে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে দুদিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) ঢাকার এডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই রিমান্ডের আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্তকর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া আসামি দিলীপ কুমার আগরওয়ালাকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এরআগে একই মামলায় গত ২১ অক্টোবর দিলীপ কুমার আগরওয়ালাকে চারদিন রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়। সে রিমান্ড শেষ হলে আজ পুনরায় রিমান্ড চাওয়া হয়।
২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল র্যাব। এরপরে সব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান। তার কারামুক্তির এক বছর পর গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে মানিলন্ডারিংয়ের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিনে দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। পরে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কিছুটা সুস্থবোধ করার পর ২০২৫ সালের ২৭ মার্চ তিনি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখসহ ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় আগরওয়ালা ৩১ নম্বর এজাহারনামীয় আসামি।
সংশ্লিষ্ট সংবাদ: হত্যাচেষ্টা মামলা
১৪ অক্টোবর ২০২৬
০১ অক্টোবর ২০২৬
১৪ মে ২০২৬
