বোমা হামলার হুমকির জেরে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাগামী একটি ফ্লাইট বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। রোববার এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়।
বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তেল আবিব থেকে রওনা হয়ে রোমানিয়ার কাছাকাছি পৌঁছানোর পর ওই উড়োজাহাজের ক্রুরা একাধিকবার বোমা হামলার হুমকি পান। এর পরিপ্রেক্ষিতেই পাইলটরা সোফিয়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।
পরিবহন মন্ত্রণালয় আরও জানিয়েছে, সোফিয়ার বিমানবন্দরে উড়োজাহাজটি ভালোভাবে তল্লাশির পর সেটি আবার ভিয়েনার উদ্দেশে রওনা হয়। এ সময় প্রচলিত কার্যপদ্ধতি অনুযায়ী উড়োজাহাজটির নিরাপত্তায় বুলগেরীয় বিমানবাহিনী একটি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠায়। যুদ্ধবিমানটি যাত্রীবাহী উড়োজাহাজটিকে পাহারা দিয়ে ভিয়েনায় পৌঁছে দেয়।
এয়ারলাইনস কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছে, এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটিতে ৫১ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। হুমকি পাওয়ার প্রায় আধা ঘণ্টা পর বিমানটি সোফিয়ায় নিরাপদে অবতরণ করে। এরপরই সেটিতে নিরাপত্তা তল্লাশি শুরু করা হয়।
আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পর্যবেক্ষণ সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ‘ওই-এলজেডই’ নিবন্ধিত বিমানটি রাত ৯টা ১০ মিনিটের দিকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। এরপর সেটি দক্ষিণ দিকে ঘুরে বুলগেরিয়ার সোফিয়ায় অবতরণ করে।
অন্য একটি ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ওই সময় বিমানটি ‘স্কোয়াক কোড ৭৭০০’ সংকেত পাঠাচ্ছিল, যা সাধারণ জরুরি অবস্থার ইঙ্গিত দেয়।
পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় একটি সংকট মোকাবিলা দল গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এর আগে, গত মাসের শেষের দিকে অন্য একটি ঘটনায় দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে কো-পাইলট ক্যাপ্টেনকে আক্রমণ করেন। অভিযোগ রয়েছে, তিনি ইচ্ছাকৃতভাবে বিমানটি বিধ্বস্ত করার পরিকল্পনা করেছিলেন। তবে ক্যাপ্টেন, যাত্রী ও ক্রুদের হস্তক্ষেপে তাঁকে থামানো সম্ভব হয়।
গত সপ্তাহে গ্রিসের করফু দ্বীপ থেকে জার্মানির নুরেমবার্গগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে ভুলবশত বিমান ছিনতাইয়ের সতর্কবার্তা পাঠানো হলে ক্রোয়েশিয়া ও জার্মানি—উভয় দেশই তাদের যুদ্ধবিমান আকাশে পাঠায়।
