কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে কুমারখালী উপজেলার নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। পথে কলাবাগানের পাশে একটি ফাঁকা জায়গায় পৌঁছালে পূর্বশত্রুতা ও পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা তাঁকে ঘিরে ধরেন। পরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত সাহেব আলীর ভাই বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে থানার তৎকালীন পুলিশ পরিদর্শক কামাল হোসেন ২০১৩ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া ১০ জনকে খালাস দেওয়া হয় এবং অন্য দুজনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
