বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও নিসচা উপজেলা শাখার যৌথ উদ্যোগে গণসচেতনতামুলক র্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মাহবুব আলম মাহবুরের সভাপতিত্বে ও নিচসা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, নিসচা উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নিসচা উপজেলা সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সিনিয়র সহসভাপতি মার্জানুল ইসলাম, সহসভাপতি গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, হালিমাতুন সাদিয়া লিলি, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার সহধর্মিণী জাহানারা কাঞ্চনকে সড়ক দুর্ঘটনায় হারানোর শোককে শক্তিতে পরিণত করে নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলন গড়ে তোলেন। সড়ক দুর্ঘটনা নিছক নিয়তি নয়; এটি একটি মানবসৃষ্ট বিপর্যয়। এই বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করতে ১৯৯৩ সালের ১ ডিসেম্বর ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলনের সূচনা হয়। আজ থেকে ১০ বছর আগে জাতীয় সামাজিক সংগঠনের স্বীকৃতি পায় ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবি এই সংগঠনটি।
বক্তারা আরও বলেন, নিসচার কার্যক্রম কারও বিরুদ্ধে নয়; এটি একটি সামাজিক আন্দোলন। সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সংগঠনটি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সবার সহযোগিতায় বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত করতে নিসচার নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধ। এছাড়াও দুর্গাপূজা উপলক্ষ্যে নিসচার সড়কে শৃঙ্খলা, যানজট নিরসন ও সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ইউএনও মাহবুব আলম মাহবুর।
