মাগুরায় পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলায় জড়িত সন্দেহে এক নারীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে শামীমা তাবাসসুম লুবনা ও রনি সিকদারকে আটক করা হয়। এর আগে বুধবার রাত পৌনে ১২টার দিকে নিহতের স্ত্রী শারমিন নাহার রুমা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন।
আটক শামীমা তাবাসসুম লুবনা মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডী গ্রামের লুৎফর রহমানের মেয়ে। আর রনি শিকদার মাগুরা পৌরসভার তাঁতিপাড়া এলাকার বীরেন্দ্রনাথ শিকদারের ছেলে। রনি শিকদার যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য ।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, দুইজনকে হত্যা মামলায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। রাজনৈতিক টার্গেট কিলিং, পরকীয়া, সোনা চোরাচালান ও জমি দখলসহ বিভিন্ন সম্ভাব্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বুধবার ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল পরিবহনের কাউন্টারে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের সময় তার মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়।
