সুভাষনগর হাইস্কুলের ছাত্র আয়ুষের হাতে গড়া খুদে দুর্গামূর্তি Ei Samay
Published on
:
1 min read
এই সময়, ময়নাগুড়ি: বয়স মাত্র বারো। ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আয়ুষ দাস। বাড়ি ময়নাগুড়ি পুরসভার ময়নামাপাড়ায়। ছোট্ট আয়ুষ নিজেই প্রতিমা তৈরি করে নিজেই পুজো করে। ঢাকও বাজায়। তিন বছর ধরে পুজোর সময়ে প্রতিমা তৈরি করে আসছে সে। তবে প্রথম দু'বছর শুধু দুর্গার প্রতিমা, এ বছর প্রথম মায়ের সঙ্গে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও তার বাহনদের মূর্তি তৈরি করেছে আয়ুষ। পুজোর দু'মাস আগে প্রতিমার কাজে তৈরি শুরু করে। পড়ার ফাঁকে ফাঁকে প্রতিদিন একটু একটু করে প্রতিমার কাজ করে।
ওর বয়সি অন্য ছেলেমেয়েরা যখন মাঠে খেলাধুলা করে আয়ুষ মগ্ন থাকে মায়ের মূর্তি তৈরিতে। ছোট থেকেই খেলার ছলে সে মাটি দিয়ে পুতুল গড়ত। তারপর থেকে দেবদেবীর মূর্তি তৈরিতে তার ঝোঁক বাড়ে। আয়ুষ জানায়, নতুন কিছু সৃষ্টি করতে সে ভালোবাসে। আয়ুষের মা সরস্বতী দাস বলেন, 'দু'বছর আগে প্রতিমা তৈরি করে নিজেই পুজো করেছে। আমরা ওকে সাহায্য করেছি। কাজে কোনও বাধা দিইনি।'
পুজোয় জামাকাপড়ের জন্য মামার বাড়ি থেকে টাকা দিয়েছিল আয়ুষকে। সেই টাকা দিয়ে মা দুর্গার জন্য শাড়ি–গয়না কিনেছে সে। বাবা আশিসের কাছ থেকে রোজ দশ টাকা করে নিয়ে সেই জমানো টাকা দিয়ে রং কিনেছে। ষষ্ঠীতে বাড়ির উঠোনে কাপড় দিয়ে তৈরি করা মণ্ডপে প্রতিমাকে রেখে সন্ধ্যায় পুজো শুরু করেছে সে।
