জমজমাট আয়োজনের মধ্য দিয়ে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্ট। রোববার (২৫ অক্টোবর) বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুল। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি বুলবুল আহমেদ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া, মাহবুবুর রহমান এবং টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোয়েব শফিক (অব.)।
এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় শিরোপা জয়ের লড়াই। আয়োজকদের প্রত্যাশা, টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো দর্শকদের জন্য বাড়তি রোমাঞ্চ ও আকর্ষণ তৈরি করবে।
এবিজি স্পোর্টস সিটির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ক্রিকেট প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি, প্রতিযোগিতামূলক ক্রীড়াচর্চায় উৎসাহিত করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করা।
পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং দেশের ক্রিকেট অঙ্গনের ভবিষ্যৎ প্রতিভা অন্বেষণেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিআলো/শিলি