সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার কারণে আন্তর্জাতিক আকাশপথে যাত্রী পরিবহনে বিঘ্ন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৮৯টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৪ হাজার ৬৫৫ জন যাত্রী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটের সংখ্যা ৩৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০টি। এর মধ্যে ইনডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় এসব ফ্লাইটের যাত্রীদের যাত্রা সূচিতে বিঘ্ন ঘটছে। ফলে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা, সংযোগকারী ফ্লাইট এবং গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদিগামী ও সৌদি আরব থেকে অন্য গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
