বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নারী ক্রিকেটেও এর প্রভাব স্পষ্ট। তবে জনপ্রিয় নারী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) আসন্ন আসরের নিলামে এবারও জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের।
এবারের নিলামে সর্বোচ্চ ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য পেয়েছেন ইংল্যান্ডের ব্যাটার সোফিয়া ডাংকলি ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সোফি মলিনিউ। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন ভারতের জি কামালিনী ও কিরণ নাগভিরে এবং অস্ট্রেলিয়ার হিদার গ্রাহাম ও জেস জোনাসেন।
অন্যদিকে, ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন ৩০ জন ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শ্রীলংকার অধিনায়ক চামারি আতাপাত্তু, অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিস এবং দক্ষিণ আফ্রিকার ক্লো ট্রায়ান।
বাংলাদেশের নারী ক্রিকেটের উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে দলের অভিজ্ঞতা বাড়ানোর ক্ষেত্রে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব টুর্নামেন্টে বিশ্বের শীর্ষ ক্রিকেটারদের সঙ্গে খেলার ও ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ মেলে। পাশাপাশি নিজেদের দক্ষতা ও সামর্থ্য তুলে ধরার ক্ষেত্রও তৈরি হয়।
এর আগে বাংলাদেশের জাহানারা আলম ও সালমা খাতুন নারী আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে তাদের পর আর কোনো বাংলাদেশি নারী ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাননি। ফলে আসন্ন আসরের নিলামেও বাংলাদেশের ক্রিকেটারদের অনুপস্থিতি দেশের নারী ক্রিকেটের জন্য আলোচনার বিষয় হয়ে উঠেছে।