দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। তাঁদের মধ্যে বরিশাল বিভাগের দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার দুজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশাল বিভাগে ১৯১, খুলনায় ১৪১, রাজশাহীতে ১২৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০, চট্টগ্রামে ১০৫, ময়মনসিংহে ৮০, রংপুরে ৭২ এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩১৬ জন।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে দুজন এবং ফেব্রুয়ারিতে দুজনের মৃত্যু হয়। মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন এবং জুনে ১৩ জন মারা যান। জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে পরিস্থিতির আরও অবনতি ঘটে, ওই মাসে মারা যান ১৪৮ জন। চলতি অক্টোবরের ২০ দিনেই প্রাণ হারিয়েছেন ১১২ জন।
অন্যদিকে, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও উদ্বেগজনক। অক্টোবরে এখন পর্যন্ত ৩৫ হাজার ৯৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের মাস সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মোট ডেঙ্গুতে মৃত ব্যক্তিদের মধ্যে ৫৩ দশমিক ১ শতাংশ নারী এবং ৪৬ দশমিক ৯ শতাংশ পুরুষ।
