দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদের দোসর ও আন্তর্জাতিক পরাশক্তির কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। তবে জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবিরের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে অসহায় ও নির্যাতিত নেতাকর্মীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোদারেস আলী ইছা, চরভদ্রাসন উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা), জেলা বিএনপির সদস্যসচিব কিবরিয়া স্বপনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রুহুল কবির রিজভী বলেন, বিগত ১৭ বছরে উন্নয়নের নামে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে জবাব দেওয়া হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ সেলটি সারা দেশে অসহায়, নির্যাতিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে। মানবিক বাংলাদেশ গড়ে তোলা এবং দলের ত্যাগী নেতাকর্মীদের সহায়তা করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নির্যাতিত ও অসহায় নেতাকর্মী মো. লকাই বিশ্বাসের পরিবারের জন্য নবনির্মিত একটি বাড়ির চাবি হস্তান্তর করা হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা এবং স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মসংস্থান ও অন্যান্য সহযোগিতা দেওয়া হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও পুনর্বাসনের এ উদ্যোগ তাঁদের আরও উজ্জীবিত করবে। একই সঙ্গে মানবিক কর্মকাণ্ডে অন্যদেরও অনুপ্রাণিত করবে। এ ধরনের উদ্যোগ দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। সেতু-কালভার্ট নির্মাণ, অসুস্থ মানুষের চিকিৎসাসহ জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কাজে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চরভদ্রাসন উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মোল্লা, সদরপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান বদু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম হোসেনসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে লকাই বিশ্বাসের পরিবারের জন্য বাড়ি উপহার দেওয়ার পাশাপাশি অসহায় মানুষদের স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা ও চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়। এ ছাড়া ১০ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আমিন বেপারি ও বাদশা মোল্লাকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। চিকিৎসার জন্য সেক মিন্টু ও লালনকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।
সেলাই মেশিনপ্রাপ্ত নারীরা হলেন—সুফিয়া খাতুন (চর হাডুগতী), রত্না আক্তারী (গোপালপুর), লাভনী আক্তার ও ফেরদৌসী (আরজ খাঁ পঞ্জী), সায়েদা আক্তার, স্বর্ণা আক্তার, পারভীন (গাজীরটেক), রত্না আক্তার, মিলি আক্তার ও রূপসী। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানান। এ সময় ফরিদপুর জেলা ও চরভদ্রাসন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ও চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির এবং চরভদ্রাসন উপজেলা বিএনপির সদস্য মোস্তফা কবির।
The post চরভদ্রাসনে অসহায়দের পাশে ‘আমরা বিএনপি পরিবার, রুরুল কবির রিজভী appeared first on ভোরের চেতনা.
