কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুতের ঘটনায় মো. গোলাম সারোয়ার নামে রেলওয়ের এক প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গাফিলতির অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (২১ অক্টোবর) রাতে উদ্ধারকাজ পরিদর্শনে এসে তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
বিজ্ঞাপন
বরখাস্ত হওয়া গোলাম সারোয়ার ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের নাওটি স্টেশন ও লাকসামের আজগরা এলাকার মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয়।
বিজ্ঞাপন
ট্রেনটির চালক মোয়াজ্জেম হোসেন বলেন, রেলপথে সংস্কারকাজ চলার বিষয়ে তাকে আগে জানানো হয়নি। ট্রেনের গতি কম থাকায় দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা কম হয়েছে।
দুর্ঘটনায় ঢাকামুখী আপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে গেলেও বিকল্প লাইন দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প লাইনে ট্রেন চলাচল অব্যাহত রেখে দ্রুত মূল লাইন সচল করার কাজ চলছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
জাহিদ পাটোয়ারী/কেএইচকে
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
