জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভিমরুলের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল হক ফাসাদ সরকার (৬৫) নামে এক প্রবীণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল তরফদার বাড়ি এলাকায় নিজ বাড়িতে ভিমরুলের আক্রমণে আহত হন তিনি। নিহত ওবায়দুল হক ফাসাদ সরকার ওই এলাকার মৃত উমেদ আলী সরকারের ছেলে।
বিজ্ঞাপন
তিনি জোনাইল বাজারের হার্ডওয়ার ও মেশিনারিজ ব্যবসা করতেন। চারণ কবি ফাসাদ সরকার স্থানীয়ভাবে ‘ছন্দে রাজা’ নামে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির বারান্দায় বসে ছিলেন ফাসাদ সরকার। এ সময় একটি ভিমরুল তাকে কামড় দিলে তিনি সেটি তাড়িয়ে দেন। পরে অসংখ্য ভিমরুল এসে তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে স্বজনরা তাকে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাতিজা ও উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে জোনাইল উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাহিদুজ্জামান বলেন, ভিমরুলের আক্রমণে আহত ওবায়দুলকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুলের কামড়ে ওবায়দুল হক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এমএইচ
