ভবিষ্যতে শত্রুপক্ষের সঙ্গে যেকোনো সংঘাতে উন্নত অস্ত্র মোকাবিলায় কম খরচের কার্যকর সরঞ্জাম ব্যবহারের পরিকল্পনা করছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, শত্রুপক্ষের অত্যাধুনিক অস্ত্রের কার্যকারিতা নষ্ট করতে অসম যুদ্ধকৌশল অবলম্বন করবে তেহরান।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেছেন, এই কৌশল শত্রুপক্ষের জন্য সমস্যাজনক, উদ্বেগজনক এবং অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠবে।
ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযান ব্যবহার করেছে। একই সঙ্গে ইরান পাল্টা হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেগুলো প্রতিহত করতেও ব্যয়বহুল অস্ত্র ব্যবহার করেছে দেশ দুটি।
যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) প্রতিরক্ষাব্যবস্থা আসা ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযান ধ্বংস করতে প্রতিরোধী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব ব্যবস্থায় প্রতিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে।
অন্যদিকে, ইরানের প্রতিটি শাহেদ চালকবিহীন আকাশযান তৈরিতে খরচ হয় ২০ হাজার থেকে ৩৫ হাজার ডলার। ব্যয়ের এই বড় ব্যবধানকে কাজে লাগিয়ে কম খরচের সরঞ্জাম দিয়ে প্রতিপক্ষের উন্নত অস্ত্র মোকাবিলার কৌশল নিতে চায় ইরান।
সূত্র: আল-জাজিরা
/অ
