প্রকাশিত: ০৮:২৮, ২৩ অক্টোবর ২০২৬ আপডেট: ০৮:৩২, ২৩ অক্টোবর ২০২৬
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবনা সদর থানা
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল মতিন মৃধার ছেলে নয়ন মিয়া (২০) এবং জালালপুর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে সেলিম মাহমুদ (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর-গয়েশপুর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নয়ন মিয়া ও সেলিম মাহমুদের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
