রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিনের পর আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আইনজীবী জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পরে ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম মুন্না ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ও ছবি দেখে চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার তুহিন হত্যা মামলায় জামিন পাওয়ার পর আদালত চত্বরে আইভীর উপস্থিতিতে তার সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় গাড়িতে ওঠার আগে আইভী বলেন, ‘জয় বাংলাকে থামিয়ে রাখা যাবে না।’
এর জের ধরেই আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, মাহবুবুর রহমান তুষার ও আতিকুল ইসলাম মুন্নাকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে জিয়াউল ইসলাম কাজলের এক নিকটাত্মীয় জানান, ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওতে জিয়াউল ইসলাম কাজলকে কোনো স্লোগান দিতে দেখা যায়নি। তাকে মামলার নথিপত্রের ফাইল হাতে নিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভীর পাশে হাঁটতে দেখা গেছে। কাজল আইভীর আইনজীবী হিসেবে আদালতে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত নন।
ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেহানুল জানান, সন্ত্রাস দমন আইনের মামলায় অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।