টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদে পড়ে নিখোঁজ হওয়ার ৪১ ঘণ্টা পর বিজয় চন্দ্র কোচ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দাড়িয়াপুর নামাপাড়া এলাকা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মরদেহটি পাওয়া যায়। বিজয় চন্দ্র কোচ উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় প্রতিমা বিসর্জন শেষে বিজয় চন্দ্রসহ প্রায় ৪০ জন একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় নৌকার ছাদে উচ্চ শব্দে গান বাজিয়ে কয়েকজন নাচানাচি করছিলেন বলে জানা গেছে।
নৌকাটি বংশাই নদের দুলশিমুল এলাকায় পৌঁছালে বিজয় হঠাৎ নদীতে পড়ে যান। পরে তিনি সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলেও নদীপাড়ের ঝোপঝাড়ের কাছে গিয়ে পানিতে ডুবে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিখোঁজের পর তাঁর সন্ধানে খোঁজাখুঁজি চলছিল। অবশেষে শুক্রবার সকালে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
The post সখীপুরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে যুবক নিজেই বিসর্জন হলেন appeared first on ভোরের চেতনা.
