ম্যানচেস্টার সিটির সঙ্গে নিজের যোগাযোগ ও বৈঠকের সমস্ত তথ্য প্রকাশ করার ঘোষণা দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ইংলিশ প্রিমিয়ার লীগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ক্লাবটি দোষী সাব্যস্ত হওয়ার পর বিরোধীদের সমালোচনার মুখে পড়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে স্বাধীন কমিশনের রায়ে সিটির বিরুদ্ধে ৯০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি রাজস্ব কৃত্রিমভাবে বাড়ানোর এবং খরচ গোপন করার জন্য ‘ভুয়া’ বাণিজ্যিক চুক্তি ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়। ক্লাবটি এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। তবে বিরোধী লিবারেল ডেমোক্র্যাটস এবং কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনচ প্রধানমন্ত্রী বার্নহামকে সিটির মালিক বা আবুধাবির প্রতিনিধিদের সাথে হওয়া তার অতীতের সমস্ত বৈঠকের বিবরণ জনসমক্ষে আনার দাবি জানান।
জনপ্রিয় পডকাস্ট ‘দ্য রেস্ট ইজ পলিটিক্স’-এ বার্নহাম জানান, বিরোধী দলের নেতার অনুরোধে তিনি গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে সিটির সঙ্গে করা কাজের সমস্ত বিবরণ প্রকাশ করতে পুরোপুরি প্রস্তুত। উল্লেখ্য, ২০১৭ সালের মে থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিনি মেয়রের দায়িত্ব পালন করেছেন।
বার্নহাম স্পষ্ট করে বলেন, ‘আমার কোনো বৈঠকই সাম্প্রতিক নয়। সিটির কর্মকর্তাদের সঙ্গে আমার মূলত একটিমাত্র গুরুত্বপূর্ণ বৈঠক হয়, আর তা হয় ২০২১ সালে।’
এর আগে সেপ্টেম্বরে সিটির বিরুদ্ধে রায় আসার পর বার্নহাম উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্লাবের মালিকপক্ষ দল বিক্রি করে দিতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে, আধুনিক ম্যানচেস্টার শহর গঠন এবং ক্লাবটিকে বিশ্বমঞ্চে দাঁড় করানোর ক্ষেত্রে সিটির মালিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করেছেন।
