শিগগিরই মুসলিম শহরে পরিণত হবে প্যারিস: ট্রাম্প
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ইউরোপীয় দেশগুলোর প্রতি সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, অভিবাসন নিয়ন্ত্রণ করা না হলে শিগগিরই প্যারিস ‘মুসলিম শহরে’ পরিণত হবে।
সোমবার ১৯ অক্টোবর ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ফ্রান্সে যা ঘটছে, তার সঙ্গে অভিবাসনের সম্পর্ক রয়েছে। এর সঙ্গে স্কুল বা অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই। তিনি মাখোঁকে সীমান্ত বন্ধ করার পরামর্শ দিয়েছেন বলেও জানান।
ট্রাম্প বলেন, অনেক আগেই তিনি মাখোঁকে সতর্ক করে বলেছিলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে ফ্রান্সে প্রবেশের সুযোগ দিয়ে দেশটি বড় ভুল করছে। তার ভাষায়, পুরো বিশ্বই সেখানে চলে আসছিল।
যুক্তরাষ্ট্রের ৮০ বছর বয়সী রিপাবলিকান প্রেসিডেন্ট আরও বলেন, খুব শিগগিরই প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হবে।
গত সপ্তাহান্তে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। এসব বিক্ষোভের একপর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ সড়কে সহিংসতার ঘটনাগুলোর কয়েকটি দেখা যায় এ সময়।
ট্রাম্প বলেন, ইউরোপ সীমান্ত বন্ধ করে অবৈধভাবে প্রবেশকারীদের পাশাপাশি বিক্ষোভে অংশ নেওয়া অপরাধীদেরও সরিয়ে না দিলে মহাদেশটি ধ্বংসের মুখে পড়বে।
২০২৪ সালের নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন দমনকে অন্যতম প্রধান প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরেছিলেন ট্রাম্প। সে সময় তিনি জাতিগত ভীতি উসকে দেয়, এমন কিছু দাবিও করেছিলেন, যেগুলোর কোনো কোনোটি ছিল অসত্য।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
