ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। তিনি বলেছেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে এ দেশের মানুষ বসবাস করে আসছেন। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সোমবার (১২ অক্টোবর) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের অন্যতম শিল্পগোষ্ঠী সায়হাম গ্রুপের উদ্যোগে উপজেলার ৮৪টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, বিএনপি সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসকে সম্মান করে। ধর্ম পালন প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। তাই প্রত্যেক ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সরকার আন্তরিক। শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদীয় দলের সভায় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের সংকটময় সময়ে চুনারুঘাট-মাধবপুরসহ সারাদেশে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করা হয়েছে।
মাধবপুর ও চুনারুঘাটে চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সৈয়দ মো. ফয়সল বলেন, এসব এলাকায় কোনো চাঁদাবাজ ও দখলদারের ঠাঁই হবে না। বিএনপি সাম্য ও সমতার রাজনীতিতে বিশ্বাস করে। কারও ওপর জুলুম-নির্যাতন নয়, বরং সবার অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যেরও প্রতীক। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। পূজামণ্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
চুনারুঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণয় পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলীসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সায়হাম গ্রুপের পক্ষ থেকে চুনারুঘাট উপজেলার ৮৪টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
উল্লেখ্য, সায়হাম গ্রুপের উদ্যোগে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার মোট ২০৩টি পূজামণ্ডপে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ২০ লাখ টাকারও বেশি আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
