Published on
:
1 min read
এই সময়, বর্ধমান: বর্ধমান স্টেশন থেকে বীরহাটা মোড় পর্যন্ত জিটি রোডের উপরে সব ধরনের টোটো চলাচলে কড়া বিধিনিষেধ জারি করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সোমবার জেলাশাসক শ্বেতা আগরওয়ালের নির্দেশের পরে মঙ্গলবার বর্ধমান উত্তরের মহকুমা শাসক, জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক, ডিএসপি (ট্র্যাফিক) এবং বীরহাটা সাব ট্র্যাফিক পোস্টের ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায় শহর ঘুরে নির্দেশিকা কার্যকর করার কাজ পরিদর্শন করেন।
একাধিক জায়গায় টোটো চালকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই নির্দেশ অমান্য করলে টোটো বাজেয়াপ্ত করার পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, ট্র্যাফিক ব্যবস্থা সচল রাখতে এই সিদ্ধান্ত চিরস্থায়ী করা হচ্ছে এবং পরবর্তী ধাপে বীরহাটা মোড় থেকে উল্লাস পর্যন্ত একই ভাবে টোটো নিয়ন্ত্রণ করা হবে।
টোটোর অনিয়ন্ত্রিত দাপট ও যানজট নিয়ে ক্ষোভের খবর পৌঁছয় মুখ্যমন্ত্রীর দপ্তর এবং জেলাশাসকের কাছে। নবান্ন রিপোর্ট চাইতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের এই পদক্ষেপে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শহরে।
চরম অসন্তোষ প্রকাশ করে টোটোচালক অভিজিৎ সাহা বলেন, ‘পুজোর সময়টুকু জেলা প্রশাসন যদি আমাদের টোটো চালাতে দিত, তা হলে কিছু বাড়তি টাকা রোজগার করতে পারতাম। এই নির্দেশের ফলে আমাদের সমস্যা আরও বাড়ল।’ অন্য দিকে, পদক্ষেপকে স্বাগত জানিয়ে পার্কস রোডের বাসিন্দা সমরজিৎ সাহা জানান, ‘এই নিয়মটা আগেও ছিল, কিন্তু কেউ মানত না। এখন নিয়মটি চালু হলে জিটি রোডের যানজট অনেকটাই কমবে।’