আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
বুধবার (২১ অক্টোবর) নতুন হালনাগাদ তালিকায় দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন শরিফুল। আর নয় ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন তাসকিন।
আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে বোলারদের তালিকায় নিজের শীর্ষস্থান আরও মজবুত করেছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে ৮ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন রশিদ। দুর্দান্ত এই পারফরম্যান্সে তার রেটিং পয়েন্ট বেড়ে ৭১৪ থেকে হয়েছে ৭৪২। ফলে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদ ও তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের সঙ্গে ব্যবধান আরও বেড়েছে আফগান স্পিনারের।
ওয়ানডে ও টি-টোয়েন্টি; দুই সংস্করণেই বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন রশিদ। পাশাপাশি ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছেন তিনি।
আফগানিস্তানের আরেক ক্রিকেটার সেদিকউল্লাহ আতালও র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ১১০ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওয়ানডে ব্যাটারদের তালিকায় ৩২তম স্থান থেকে ২০ নম্বরে উঠে এসেছেন তিনি। ওই ম্যাচে আফগানিস্তান ১৫৮ রানের বড় জয় পায়।
এদিকে ওয়ানডে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন শরিফুল ইসলাম। তাসকিনের উন্নতি আরও বড়, নয় ধাপ এগিয়ে তিনি এখন ১২তম স্থানে। দুজনেরই এটি সেরা অবস্থান।
একই তালিকায় দুই ধাপ এগিয়ে যৌথভাবে ২০তম স্থানে রয়েছেন পাকিস্তানের হারিস রউফ। ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের সালমান আগা এক ধাপ এগিয়ে ১২তম এবং ইংল্যান্ডের বেন ডাকেট দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক পাঁচ ম্যাচের সিরিজের পর ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। তার সতীর্থ শেরফেন রাদারফোর্ড ছয় ধাপ এগিয়ে ১৮তম হয়েছেন। আর বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ১০ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের এক বছরেরও কম সময় আগে রশিদ খানের এমন পারফরম্যান্স আফগানিস্তানকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ওয়ানডে বিশ্বকাপ।
