স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী নিজেদের কর্মীদের ছাড়া অসহায় মানুষকেও সহায়তা করে না। তাঁর দাবি, বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত ভোট নিলেও নির্বাচনের পর মানুষের পাশে নেই। শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, শিবগঞ্জ উপজেলায় কারও চোখের সমস্যা যেন না থাকে, সে জন্য তাঁরা কাজ করবেন। চোখের চিকিৎসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানুষ সুস্থ চোখে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পাকা রাস্তাঘাটের উন্নয়ন দেখতে পারবেন। পাশাপাশি পাঁচ বছর পর ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে পূজা ও হিন্দু সম্প্রদায়কে নিয়ে নানা কথা বলা হলেও এখন তাদের খোঁজ নেওয়ার সময় জামায়াতের নেতাদের পাওয়া যাচ্ছে না। তাঁর অভিযোগ, দলটি ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণ নিয়েও জামায়াতের কোনো উদ্যোগ নেই বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি দাবি করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইমাম-মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন।
মীর শাহে আলম আরও বলেন, বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় না। বরং জনগণের কল্যাণে কাজ করে পাঁচ বছর পর আবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। এ সময় আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
