পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজার উৎসবের মধ্যেই প্রধানমন্ত্রীর সফর ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে একধরনের উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
চট্টগ্রাম নগরের অন্যতম প্রধান পূজামণ্ডপ জে এম সেন হল প্রতিবছরই দুর্গোৎসবের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এবার পূজার আয়োজনের পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মণ্ডপটির প্রস্তুতি বিশেষ গুরুত্ব পেয়েছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে এখন একদিকে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা তৎপরতা, অন্যদিকে, দুর্গোৎসবের আয়োজন। পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, এ সফরের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্যের বার্তা আরও জোরালো হবে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর দিন নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। স্বাধীনতার পর বাংলাদেশের কোনো সরকারপ্রধানের চট্টগ্রামে এসে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের ঘটনা এবারই প্রথম বলে জানিয়েছেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ। তার এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম জেলা প্রশাসন, মহানগর বিএনপি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আর্থিক অনুদান দেওয়ার কথা রয়েছে তার।
এরপর তিনি নগরের হোটেল র্যাডিসন ব্লুতে বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেবেন। পরে রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। হোটেল র্যাডিসন ব্লুতে সাংগঠনিক সভায় বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ইউনিটের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পাঁচ নেতা, সংসদ সদস্য এবং কেন্দ্রীয় নেতারা সভায় উপস্থিত থাকবেন।
বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী সাংগঠনিক সভায় অংশ নেবেন। সভায় সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারাও থাকবেন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি বলেন, বন্দরনগরীর পূজামণ্ডপে প্রধানমন্ত্রী আসছেন, এ খবরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীরা অপেক্ষা করছে।
সূত্র: বাসস
এসএনআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
