দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পরিকল্পনা ও দিকনির্দেশনায় আগামী ২৫ সেপ্টেম্বর পর্দা উঠছে মেগা ক্রীড়া আসর ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর।
আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন।
অধিনায়ক সম্মেলনে টুর্নামেন্টে অংশ নেওয়া দেশের ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের ২০ জন অধিনায়ক, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি ও খেলার নিয়মাবলি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রুপ বিন্যাসের জন্য আনুষ্ঠানিক লটারির আয়োজন, প্রতিযোগিতার অফিশিয়াল জার্সি ও ট্রফি উন্মোচন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়।
এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হচ্ছে—প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোয় একইসঙ্গে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা আয়োজন। টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবলের পৃথক বিভাগে দুটি গ্রুপে বিভক্ত হয়ে শিরোপার লড়াইয়ে অংশ নেবে।
গ্রুপ বিন্যাস
ক্রিকেট টুর্নামেন্ট
গ্রুপ ‘এ’: ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
গ্রুপ ‘বি’: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ফুটবল টুর্নামেন্ট
গ্রুপ ‘এ’: নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
গ্রুপ ‘বি’: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব স্কলার্স।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরো উৎসাহিত করতে ক্রিকেট ও ফুটবলের পৃথক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করা হয়েছে।
অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর মো. ইমরুল হাসান। আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া এডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির অ্যাডভাইজার মো. লিয়াকত হোসেন ও মো. নাজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার (ফুটবল) সালমান হাসান এবং অপারেশন্স ম্যানেজার (ক্রিকেট) ইকরাম হোসেন রাফি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, এবিজি ইউনিভার্সিটি কাপের যাত্রা শুরু হচ্ছে ফুটবল ও ক্রিকেট দিয়ে। ভবিষ্যতে আরও নানা ইভেন্ট যুক্ত করে এ আয়োজনকে আমরা আরও বৃহৎ পরিসরে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য এমন একটি মঞ্চ তৈরি করতে চাই, যেখানে তারা নিজেদের মেধা ও সামর্থ্য দেখিয়ে জাতীয় ক্রীড়াঙ্গনে অবদান রাখার পথ খুঁজে পাবে।
বসুন্ধরা গ্রুপের ক্রীড়া উন্নয়নে অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের অবদান অনস্বীকার্য। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা, বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং নতুন নতুন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াখাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। উপমহাদেশের অন্যতম বৃহৎ ক্রীড়া অবকাঠামো ‘এবিজি স্পোর্টস সিটি’ সেই স্বপ্ন, দূরদর্শিতা ও অঙ্গীকারেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
আয়োজক কর্তৃপক্ষ ও অংশগ্রহণকারী অধিনায়কদের প্রত্যাশা, ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, নেতৃত্বগুণ ও প্রতিযোগিতামূলক মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এই আসর থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের সম্ভাবনাময় ও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
