Published on
:
1 min read
ক্রুশ মাথায় পড়ে চার্চের মধ্যেই এক যাজকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ইকুয়েদরে শনিবারের দুর্ঘটনার কথা এই সম্প্রতি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ঘটনার সময়ে চার্চের মধ্যে মৃত্যু নিয়েই একটি ধর্মোপদেশ (Sermon) পাঠ করছিলেন ওই যাজক। পুরো বক্তৃতার লাইভ স্ট্রিমিংও করা হচ্ছিল। সেই লাইভ টেলিকাস্ট চলাকালীনই ভারী ক্রুশটি খুলে যাজকের মাথায় পড়ে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিয়ো।
সংবাদপত্র New York Times সূত্রে খবর, মৃত যাজকের নাম ফাদার প্যাত্রিসিও আলফ্রেদো সাঞ্চেজ় মোলিনারি। তিনি ইকুয়েদরের গুয়াইয়াকিল এলাকার ‘চার্চ অফ আওয়ার লেডি অফ পারপেচুয়াল হেল্প’-এর যাজক ছিলেন।
সূত্রের খবর, শনিবার ওই যাজক চার্চের মধ্যে মৃত্যু বিষয়ক এক ধর্মোপদেশ পাঠ করছিলেন। সেই সময়ে আচমকাই ওই যাজকের পিছন দিকের দেওয়ালে ঝুলতে থাকা ভারী ক্রুশ খুলে যায়। মুহূর্তের মধ্যে সেই ক্রুশ যাজকের মাথায় এসে পড়ে। যাজকের মাথার পেছনে গুরুতর চোট লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যাজকের।
ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে চার্চে। যাঁরা ভেতরে উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রবল কান্নার শব্দ, চিৎকার শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স পৌঁছলে যাজককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার আগেই মৃত্যু নিয়ে কথা
জানা গিয়েছে, দুর্ঘটনার আগের মুহূর্তে ওই যাজক মৃত্যু নিয়েই একটি ধর্মোপদেশ পাঠ করছিলেন। যাঁরা সেই সময়ে চার্চে উপস্থিত ছিলেন, তাঁদের যাজক মোবাইলে সময় নষ্ট না করে যিশুকে ভালোবাসার উপদেশ দিচ্ছিলেন। সেই মুহূর্তেই ক্রুশটি দেওয়াল থেকে খুলে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। কী ভাবে দেওয়াল থেকে ক্রুশটি খুলে পড়ল তা খতিয়ে দেখছেন চার্চ কর্তৃপক্ষ।
