চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সজীব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মুহাম্মদ রায়হান নামে এক সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার আজাদী বাজারসংলগ্ন হেয়াকো–গহিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নের মনু বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে।
সাংবাদিক মো. নাজিম উদ্দিন জানান, আজাদী বাজারে একটি সংবাদ সম্মেলন শেষে তাঁরা তিনজন দুটি মোটরসাইকেলে ফিরছিলেন। রায়হানের মোটরসাইকেলে ছিলেন সজীব। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজীব ঘটনাস্থলেই মারা যান এবং রায়হান গুরুতর আহত হন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী মো. ইব্রাহিম জানান, সজীবকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল। আহত রায়হানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
The post ফটিকছড়িতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবকের appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
