টাঙ্গাইলে চলন্ত বাসে এক নারী যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ রোববার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আ. ন. ম. ইলিয়াস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই গ্রামের আব্দুর রবের ছেলে বাসচালক মো. আলতাফ (২৫), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মো. খোকন মিয়ার ছেলে মো. রাব্বি (২১) এবং ফরিদপুরের নগরকান্দা উপজেলার মো. চিন্নু মাতাব্বরের ছেলে বাসের কন্ডাক্টর সাগর ওরফে সজীব মাতুব্বর (২৪)।
সরকারি কৌঁসুলি ওমরাও খান দিপু জানান, ১৪ জানুয়ারি ২০২৬ রাতে ভুক্তভোগী নারী সাভারে যাওয়ার উদ্দেশ্যে ‘সাভার পরিবহন’-এর একটি বাসে ওঠেন। পথে অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর বাসটি গাজীপুরের কালিয়াকৈর থানার চন্দ্রা বাসস্ট্যান্ডে পৌঁছায়। এ সময় চালক মো. আলতাফ, কন্ডাক্টর সাগর ওরফে সজীব এবং সহযোগী মো. রাব্বি ও নাছিরের সহযোগিতায় বাসের ভেতরে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। সেই সঙ্গে ভুক্তভোগীর কানের স্বর্ণের দুল, ব্যবহৃত আইফোন ১৩ প্রোক্স মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পরদিন ১৫ জানুয়ারি দুপুরে বাসটি টাঙ্গাইল সদর থানার করটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে ভুক্তভোগী কৌশলে মহাসড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশকে বিষয়টি জানান। হাইওয়ে পুলিশ বাসসহ অভিযুক্তদের টাঙ্গাইল সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। ওই দিনই টাঙ্গাইল সদর থানায় মামলা হয়।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক ভিক্টর ব্যানার্জী তদন্ত শেষে ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেন। ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
