অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের নায়ক তিনি। অথচ বাংলাদেশে পা রাখার পরই যেন ছন্দপতন! পেটের পীড়ায় আক্রান্ত হয়ে দুই দিন ধরে হোটেলবন্দী ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। এতে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তার খেলা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। গত রোববার ঢাকায় পা রাখেন ক্যারিবীয় ক্রিকেটাররা। কিন্তু দলের সঙ্গে এলেও স্বাভাবিক প্রস্তুতিতে ফিরতে পারেননি জোসেফ। পেটের সমস্যায় ভুগছেন এই পেসার। গত দুই দিন ধরেই হোটেলে অবস্থান করছেন তিনি।
আজ বসুন্ধরায় বিসিবি একাদশের বিপক্ষে চলমান দুই দিনের প্রস্তুতি ম্যাচেও দেখা যায়নি তাকে। আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে জোসেফকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় বাড়ছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে।
জোসেফকে নিয়ে ক্যারিবীয়দের দুশ্চিন্তার কারণও স্পষ্ট। এই পেসার শুধু দলের নিয়মিত সদস্যই নন, টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক সিরিজেই নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৮ রান দিয়ে নিয়েছিলেন ৭ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়েই অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
সেই পারফরম্যান্সের পর থেকেই টেস্ট দলে জায়গা পাকা করেন জোসেফ। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলেও রয়েছেন তিনি। তবে মাঠে নামার আগেই অসুস্থতা তার প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।
পরিসংখ্যানেও জোসেফের গুরুত্ব স্পষ্ট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ১৫ টেস্টে ৬৪ উইকেট নিয়েছেন তিনি। ১০ ওয়ানডেতে তার শিকার ৫ উইকেট। আর ৩০ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪০ উইকেট।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২৮ অক্টোবর মিরপুরে। এরপর ৫ নভেম্বর সিলেটে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের আগে জোসেফ সুস্থ হয়ে উঠতে পারেন কি না, এখন সেটিই বড় প্রশ্ন। অস্ট্রেলিয়ার মাটিতে যিনি একাই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছিলেন, বাংলাদেশের বিপক্ষে সেই পেসারকে নিয়ে এখন ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষা শঙ্কামিশ্রিত!
