যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের নির্ধারিত ঢাকা-দাম্মাম রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিতাদেশের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বুধবার (২১ অক্টােবর) রাতে হামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ অক্টােবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আকাশপথে হামলার পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইটও ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত ফ্লাইট এবং সংশোধিত সময়সূচি সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।
এদিকে, ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমানের ফ্লাইটগুলো আগের সময়সূচি অনুযায়ী চলাচল করবে।
জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
