The Sangbad · সাধারণ
ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১৬৮ হুতি যোদ্ধা
১৭/১০/২০২৬

ইয়েমেনের তাইজ গভর্নরেটে ইয়েমেনি সরকার সমর্থিত বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের যৌথ স্থলযুদ্ধ এবং বিমান হামলায় ১৬৮ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন। ভয়াবহ এই সংঘাত ও হামলায় আরও অন্তত ২১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সরকারপন্থী তাইজ সামরিক কমান্ড।শনিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবায় প্রকাশিত সামরিক বাহিনীর এক বিবরণী থেকে জানা যায়, তাইজের আল-মিসরাখ জেলা, আল-শাকাব রণক্ষেত্র এবং শহরের আশপাশের কৌশলগত হুতি আস্তানাগুলো লক্ষ্য করে মোট ৯টি বিধ্বংসী বিমান হামলা চালানো হয়। বিমান হামলা ও মুখোমুখি স্থলযুদ্ধে হুতিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি নিরাপত্তা বাহিনীর।এদিকে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা’দা গভর্নরেটে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র বা লঞ্চার বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অবশ্য জোটের এই বিবৃতির আগেই হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ টেলিভিশন জানায়, সা’দা শহরের পূর্বাঞ্চলে সৌদি আরবের যুদ্ধবিমান অন্তত দুটি বিমান হামলা চালিয়েছে।তবে যুদ্ধরত পক্ষগুলোর পাল্টাপাল্টি দাবির নিরপেক্ষ ও স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।/
মূল প্রতিবেদনে যান ↗