উৎসবমুখর পরিবেশে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কলেজের নিজস্ব মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন। অনুষ্ঠান শেষে অসুস্থ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ দেশ গড়ার মূল কারিগর। মেধা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের নীতিকে ধারণ করে শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিউ গভঃ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীরা তাদের অসামান্য সাফল্যের মাধ্যমে শিক্ষানগরী রাজশাহীর সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার পূর্ণ বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
সম্মানিত অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “শিক্ষানগরী রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ বিদ্যাপীঠ নিউ গভঃ ডিগ্রি কলেজ। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করে মেধার স্বাক্ষর রাখছেন। কলেজটির শিক্ষার গুণগত মানোন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিক্ষাবান্ধব পরিবেশ সুনিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, নিউ গভঃ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. রাশেদ করিম। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার।
এছাড়া অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিদপ্তরের পরিচালক প্রফেসর হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ এবং সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর জুবাইদুর রহমান আল গালিবসহ কলেজের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর
