রাজধানীর মতিঝিলে অস্বাস্থ্যকর রান্নাঘর, লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও ব্যবহার এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
৭ অক্টোবর ২০২৬ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে রাজধানীর মতিঝিলের ২২ নম্বর বাণিজ্যিক এলাকায় অবস্থিত হিরাঝিল হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হোটেলটির রান্নাঘরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। রান্নাঘরের মেঝে নোংরা ও স্যাঁতসেঁতে ছিল এবং ময়লার পাত্র পাওয়া যায় ঢাকনাবিহীন অবস্থায়। এ ছাড়া কোনো ধরনের লেবেল ছাড়াই ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। খাদ্যকর্মীদেরও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি।
এ ছাড়া পানি পরীক্ষার সনদ এবং পেস্ট কন্ট্রোলের প্রমাণক প্রদর্শন করতে ব্যর্থ হয় হোটেল কর্তৃপক্ষ। এসব অনিয়মের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানকালে ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়ক কর্মী এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
