শনিবার ও রোববার টানা দুই দিন হুথি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৬০ শতাংশ ফ্লাইট সোমবার (১২ অক্টোবর) বাতিল করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) এএফপি ও জিও নিউজ এসব তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ামের তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, রোববার হুথি বাহিনীর হামলার পর ওই দিন নির্ধারিত ফ্লাইটের ৯৯ দশমিক ৭ শতাংশ বাতিল করেছিল কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় সোমবারও বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। রোববারের হামলায় নিহত হন একজন এবং আহত হন আরও ১১ জন।
এদিকে, রোববার সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালায় হুথি বাহিনী। তবে ওই হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।
হুথি বিদ্রোহীরা এসব হামলার দায় স্বীকার করেছে। রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রিয়াদ ও দাম্মামে হামলার কথা স্বীকার করেন গোষ্ঠীটির শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী। তিনি সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আগামী দিনগুলোতে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দেন। একই সঙ্গে বিমান সংস্থা, বিমানবন্দরের কর্মী ও ভ্রমণকারীদের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
