খুলনা গেজেট অক্টোবর ১৪, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট ২০২৬ সালের পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থান ধরে রেখেছে। এই ইনডেক্সে আমিরাতের স্কোর ১৮২। এর ফলে আমিরাতের নাগরিকেরা আগে থেকে ভিসা না নিয়েই বিশ্বের ১৮২টি দেশ ও গন্তব্যে ভ্রমণ করতে পারছেন। ডব্লিউএএম-এর বরাত দিয়ে ১৩ অক্টোবর আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৮২ গন্তব্যের মধ্যে ১৩৮টিতে আমিরাতের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। বাকি ৪৪টি গন্তব্যে রয়েছে অন্যান্য সহজীকৃত প্রবেশের ব্যবস্থা।
ইনডেক্সে দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া, দুই দেশেরই স্কোর ১৭৫। তৃতীয় স্থানে ১৭৪ স্কোর নিয়ে রয়েছে স্পেন। ফলে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার চেয়ে আমিরাত সাতটি এবং স্পেনের চেয়ে আটটি গন্তব্যে এগিয়ে। তালিকায় যুক্তরাজ্য সপ্তম এবং যুক্তরাষ্ট্র দশম স্থানে আছে।
বিভিন্ন দেশের ভিসা নীতি বদলালে এই ইনডেক্সে স্কোরও হালনাগাদ হয়। ভিসামুক্ত প্রবেশ, অন অ্যারাইভাল ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন এবং তিন কর্মদিবসের মধ্যে পাওয়া যায় এমন ইলেকট্রনিক ভিসার সুযোগ ধরে স্কোর নির্ধারণ করা হয়। জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্র ও ছয়টি ভূখণ্ডসহ মোট ১৯৯টি গন্তব্য এতে বিবেচনা করা হয়। দুই পাসপোর্টের স্কোর সমান হলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ২০১৮ সালের মানব উন্নয়ন সূচক দিয়ে অবস্থান ঠিক করা হয়।
ইনডেক্সটি তৈরি করেছে আর্টন ক্যাপিটাল। তারা নিজেদের বিশ্বের প্রথম ইন্টারেক্টিভ পাসপোর্ট র্যাংকিং প্ল্যাটফর্ম বলে দাবি করে।
খুলনা গেজেট/এএজে
