মার্কেন্টাইল ব্যাংকের কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসুবিধা চালু করতে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে এপিক হেলথ কেয়ার লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় ব্যাংকটির সংশ্লিষ্ট ব্যক্তিরা এপিক হেলথ কেয়ারে বিশেষ স্বাস্থ্যসুবিধা পাবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ার লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক প্রয়োজন। মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে এ সমঝোতা স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো এবং আরও বেশি মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করবে। এ অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকের কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা বিশেষ স্বাস্থ্যসুবিধা পাওয়ার পাশাপাশি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা গ্রহণেও উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ার লিমিটেডের ডিরেক্টর জসিম উদ্দিন, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানু ও শাহরিয়ার ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও চট্টগ্রাম রিজিওনাল হেড সাইফুল আলম চৌধুরী। তিনি বলেন, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের কল্যাণে বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। এপিক হেলথ কেয়ারের সঙ্গে এ সমঝোতা তাঁদের মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের নতুন সুযোগ তৈরি করবে। এ অংশীদারত্ব সংশ্লিষ্ট সবার জন্য স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট অনুপম কুমার পাল এবং ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখার প্রধান বিজয় কুমার দত্তও উপস্থিত ছিলেন।
এ সমঝোতার মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার ও মার্কেন্টাইল ব্যাংক। এ অংশীদারত্ব গ্রাহক ও কর্মীদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে উভয় প্রতিষ্ঠান।
