স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। সভায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সোনালী/জগদীশ রবিদাস
The post প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ও দুর্গাপূজা ঘিরে আরএমপির প্রস্তুতিমূলক সভা appeared first on সোনালী সংবাদ.
