খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান। দাকোপ সফর শেষে তার মোংলা যাওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এটিই তারেক রহমানের প্রথম সফর। তাকে ঘিরে এ অঞ্চলের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন সমস্যার সমাধান এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।
এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার প্রস্তুতি নিয়েছেন দলীয় নেতারা। তাদের আশা, এ সফরের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির পথ আরও সুগম হবে।
দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও দ্রুত বাস্তবায়ন এ অঞ্চলের মানুষের অন্যতম প্রধান দাবি। তাদের মতে, পরিকল্পিতভাবে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হলে নতুন নতুন শিল্পকারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি হাজার হাজার তরুণের কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হবে।
এ কারণে প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা কাটিয়ে ওঠার বিষয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ও ব্যবসায়ীরা।
