নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট :
২৪ অক্টোবর ২০২৬, ২২: ৩০
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা ৩৪ দিনে গড়িয়েছে। সংকট নিরসনের দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগের ৩৩টি নির্ধারিত পরীক্ষা ও ৮৬৪টি ক্লাস বাতিল হয়েছে।
দশ দিনের পূজার ছুটি শেষে আগামীকাল রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে। তবে শিক্ষার্থীরা এখনো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অনড়। পূজার ছুটিতে অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে বাড়ি চলে যাওয়ায় গত ১০ দিন ক্যাম্পাস অনেকটাই ফাঁকা ছিল।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘ অচলাবস্থার কারণে শিক্ষার্থীরা সেশনজটের ঝুঁকিতে পড়েছেন।
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরিন্দম দাশ বলেন, ‘গত ৩৪ দিন ধরে ক্যাম্পাসে অচলাবস্থা চলছে। আমরা এই অবস্থার যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান চাই।’
চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম বলেন, ‘আমরা সাবেক উপাচার্যের পুনর্বহালের দাবিতে আন্দোলনে আছি। ক্যাম্পাস খোলার পর শিক্ষার্থীদের নিয়ে বসে ক্লাস-পরীক্ষা সচলের বিষয়ে আলোচনা করা হবে।’
আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে আন্দোলন করছি। এ সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার।’
এর আগে, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওই রাতেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে তাঁরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। পরে শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীরাও আন্দোলনে যুক্ত হন।
টানা অচলাবস্থার মধ্যে ১২ অক্টোবর তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। পরে আন্দোলনকারীদের কাছে অবরুদ্ধ হন তিনি। প্রায় ৩০ ঘণ্টা পর ১৩ অক্টোবর সন্ধ্যায় প্রশাসনের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

