দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে ইউনুস আলী নামে সিভিল জজের বাড়িতে অনশন শুরু করেছেন এক স্কুলশিক্ষিকা। তার বাড়িতে আসার খবর পেয়ে সেখান থেকে চলে যান ওই বিচারক।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকায় বিচারকের বাড়িতে গিয়ে অবস্থান নেন ওই শিক্ষিকা। অনশনের ২৫ ঘণ্টা পেরিয়েও অব্যাহত রয়েছে।
অনশনরত শিক্ষিকার নাম আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯)। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস-সংলগ্ন এলাকার জাকির হোসেন লস্করের মেয়ে। বর্তমানে তিনি রংপুরের হারাগাছ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
জানা গেছে, ইউনুস আলী উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকার জয়নাল আবেদিনের চতুর্থ ছেলে। তিনি বর্তমানে বগুড়া জজ কোর্টে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
আনিকা তাবাসসুম প্রাপ্তির দাবি, ২০১৬ সাল থেকে ইউনুস আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক শুরু হয়। দীর্ঘ ১১ বছরের এই সম্পর্কের মধ্যে তিন বছর আগে ইউনুস আলী বিচার বিভাগে চাকরি পান। পরে প্রায় এক বছর আগে এনটিআরসিএর মাধ্যমে একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি।
ওই শিক্ষিকার অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চাপ দিলেও ইউনুস আলী নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন। সম্প্রতি তিনি গোপনে বিয়ের জন্য পাত্রী খুঁজছেন এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে ইউনুস আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি। শিক্ষিকার বাড়িতে আসার খবর পেয়ে ইউনুস আলী বাড়ি ছেড়ে চলে যান।
এ বিষয়ে ইউনুস আলী নাম্বারে বক্তব্যের জন্য একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
